খুলনার পাইকগাছা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নির্বাচিত মোট ২৫ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল দেওয়া হবে। এতে করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং ঝরে পড়া রোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।