
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে উচাখিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ।
ক্যাম্পে মেডিসিন, চর্ম ও যৌনরোগ, ডায়াবেটিস ও নিউরোমেডিসিনসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের দেখেন। প্রয়োজনীয় পরীক্ষা–পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
ঈশ্বরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এলাকাভিত্তিক ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছেন বলে জানান অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান।
ক্যাম্প পরিদর্শন করে তিনি বলেন, এই এলাকার অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না। একজন জনসেবক হিসেবে মানুষের মৌলিক সেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। যাতে কেউ চিকিৎসা বঞ্চিত না হয়, সেই ভাবনা থেকেই এ আয়োজন।
ক্যাম্পস্থলে স্থানীয় জামায়াত নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তাঁরা বলেন, রাজনৈতিক ভেদাভেদ পেরিয়ে মানুষের জন্য এমন মানবিক উদ্যোগ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ক্যাম্পে চিকিৎসা নিতে আসা বয়স্ক নারী–পুরুষ ও শিশুরা বিনামূল্যে সেবা পেয়ে অধ্যক্ষ মঞ্জুরুল হকের প্রতি কৃতজ্ঞতা জানান।