নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ পরিসরের চড়ুইভাতি। বিভাগের ১৮তম আবর্তনের আয়োজনে বিভাগের ১৮, ১৯, ২০ ও ২১তম ব্যাচসহ পুরো বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
প্রায় ১৭৫ জনের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। দিনব্যাপী আয়োজনজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস, আড্ডা ও পারস্পরিক ভাববিনিময়ের নানা পর্ব। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে বিরাজ করে উৎসবের আমেজ।
আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে কবিতা আবৃত্তি, গান ও নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন বিভাগের শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক ভাববিনিময় ও আনন্দঘন সময় কাটানোর মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “এ ধরনের আয়োজন আমাদের ব্যস্ত একাডেমিক জীবনে আনন্দের পাশাপাশি বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দেয়। একসঙ্গে সময় কাটানোর মাধ্যমে বিভাগের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়।”
শিক্ষার্থীদের মতে, চড়ুইভাতির মতো আয়োজন শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্কও আরও আন্তরিক হয়ে ওঠে।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মূল চেতনা আতিথেয়তা। শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এমন প্রাণবন্ত অনুষ্ঠান সেই চেতনারই প্রতিফলন। আনন্দ, সম্প্রীতি ও আন্তরিকতার মধ্য দিয়ে আয়োজিত এ মিলনমেলা বিভাগের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।