জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ত্রিশাল সরকারি নজরুল একাডেমির শতবর্ষ উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর।
এ উপলক্ষে চলছে নিবন্ধন কার্যক্রম। দুই দিনব্যাপী এ উৎসব বর্ণাঢ্য আয়োজনে একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে। শতবর্ষ উদযাপনের প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে জানাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উদযাপন কমিটি।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি রোডে শতবর্ষ উদযাপন কমিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এ শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে শতবর্ষের গৌরবময় পথ অতিক্রম করেছে। এ দীর্ঘ পথচলায় অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীর মেধা, শ্রম ও ভালোবাসায় সমৃদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটির ইতিহাস ও ঐতিহ্য।
তাঁরা আরও বলেন, শতবর্ষের এ মাহেন্দ্রক্ষণ স্মরণীয় করে রাখতে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর একাডেমি মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও শুভানুধ্যায়ীরা এক মিলনমেলায় মিলিত হবেন। পুরোনো স্মৃতি ও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে এ আয়োজন নতুন প্রজন্মের সঙ্গে প্রতিষ্ঠানের ঐতিহ্যের বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা করছেন আয়োজকেরা।
আয়োজকদের আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালে জাতীয় পর্যায়ে নজরুলের জন্মজয়ন্তী উদযাপন ও নজরুল বর্ষ ঘোষণার বিষয়টি বিবেচনায় নিয়ে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিবন্ধন ফি ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা
শতবর্ষ উৎসবে অংশগ্রহণের জন্য বিভিন্ন শ্রেণির নিবন্ধন ফি নির্ধারণ করেছে আয়োজক কমিটি। আমন্ত্রণপত্র অনুযায়ী, ২০১৫ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করা শিক্ষার্থী এবং ওই সময় পর্যন্ত কর্মরত ও বর্তমানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের নিবন্ধন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরবর্তী সময় থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিবন্ধন ফি ১ হাজার টাকা। আর বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
আগ্রহীদের আগামী ৩০ অক্টোবর ২০২৬-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে আয়োজক কমিটি। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমেও নিবন্ধন করা যাবে।
সভায় বক্তব্য দেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্যসচিব মশিউর রহমান দীপক, প্রচার উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ফজলুল করিম শাহীন, শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, বেলাল উদ্দিন সরকার, আব্দুল্লাহ আল শিহাব ও কামাল হোসেনসহ অন্যরা।
আয়োজকেরা আশা করছেন, শতবর্ষ উৎসব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে। এ আয়োজনের মধ্য দিয়ে ত্রিশাল সরকারি নজরুল একাডেমির শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও গৌরব নতুন করে তুলে ধরা সম্ভব হবে।