কবি, শিশুতোষ সাহিত্যিক ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের সহধর্মিণী সোনিয়া হোসেন বলেছেন, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে আহবান জানান তিনি।
২ নবেম্বর (সোমবার) নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে বেগম লুৎফুন্নাহার বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনোহরদী সরকারি কলেজের সাবেক ভিপি, মনোহরদী শাহীন বৃত্তি ও ক্যাডেট একাডেমির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লাতুল হোসেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমুখ।
মনোহরদী শাহীন বৃত্তি ও ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষিকা সৈয়দা সালেহার ব্যবস্থাপনায় এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অভিভাবক ও পেশাজীবিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেগম লুৎফুন্নাহার ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।