নোবিপ্রবির জুলাই ডকুমেন্টারিতে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ
নোবিপ্রবি প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রদর্শিত
একটি ভিডিও ডকুমেন্টারি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ডকুমেন্টারিতে বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলের কার্যক্রমকে তুলনামূলক বেশি গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন এমন অনেক শিক্ষক ও শিক্ষার্থীর বক্তব্য বা ভিডিওচিত্র রাখা হয়নি। ফলে ডকুমেন্টারিটি একপাক্ষিক হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কেউ কেউ।
আরও বিতর্কের জন্ম দিয়েছে ডকুমেন্টারি প্রদর্শন-সংক্রান্ত উপকমিটিতে নোবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অন্তর্ভুক্তি। সংশ্লিষ্টদের অভিযোগ, যাঁরা কমিটিতে ছিলেন, তাঁদের রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতার কারণে ডকুমেন্টারিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ উপস্থাপনে ভারসাম্য নষ্ট হয়েছে।
গত বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভার আগে ডকুমেন্টারিটি প্রদর্শন করা হয়। এতে নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জুলাই আন্দোলনে ভূমিকার বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়।
তবে ডকুমেন্টারি ঘেঁটে অভিযোগ উঠেছে, বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের ছবি ও ভিডিও বক্তব্য রাখা হলেও জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত বলে পরিচিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যসচিব ও ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক এ.এফ.এম. আরিফুর রহমান, ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবদুল করিম, জামাল উদ্দিনসহ কয়েকজন শিক্ষকের ছবি বা বক্তব্য রাখা হয়নি।
শুধু শিক্ষকদের ক্ষেত্রেই নয়, শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই ধরনের বৈষম্যের অভিযোগ উঠেছে। ডকুমেন্টারিতে ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের ভিডিও বক্তব্য দেখানো হলেও নোয়াখালী জুলাই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য আহ্বায়ক মাহমুদুল হাসান আরিফ, সদস্যসচিব বনী ইয়ামিন, নোবিপ্রবি ছাত্রশিবিরের শাখার সভাপতি আরিফুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শাখা বায়তুলমাল সম্পাদক মেহেদী হাসান, শিবিরের সাবেক নেতা জানে আলম এবং জাতীয় ছাত্রশক্তির নোয়াখালী জেলা সদস্যসচিব মেহেদী হাসান সীমন্তের ক্ষেত্রে গ্রুপ ছবি থাকলেও ভিডিও বক্তব্যের ক্লিপ রাখা হয়নি।
এ ছাড়া জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে সংশ্লিষ্টদের দাবি করা বিজিই বিভাগের সালাউদ্দিন মহসিন, ফলিত গণিত বিভাগের জাহিদ হাসান এবং এসিসিই বিভাগের মেহেদী হাসানের কোনো বক্তব্যের ভিডিও ক্লিপও দেখানো হয়নি।
আন্দোলনের বৃহত্তর প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন উঠেছে। জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনে নিহত শরিফুল ইসলাম ওসমান হাদি এবং স্কুল শিক্ষার্থী আনাসের কোনো ক্লিপ ডকুমেন্টারিতে রাখা হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য একটি উপকমিটি করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে প্রথমে জীববিজ্ঞান অনুষদের ডিন ও ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক এবং নোবিপ্রবি সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকারকে রাখা হয়েছিল। তিনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বদলি হওয়ার পর নোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দিনকে আহ্বায়ক করা হয়।
কমিটির সদস্যদের মধ্যে ছিলেন আইসিটি সেলের সিস্টেম অ্যানালিস্ট ফয়েজ আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার মো. মহিউদ্দিন আল ফয়সল, কম্পিউটার অপারেটর আব্দুর রহিম এবং বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমডি মাসুদ রহমান। এর সঙ্গে ছাত্রদলের নোবিপ্রবি শাখার সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনকেও অন্তর্ভুক্ত করা হয়।
কমিটিতে রাজনৈতিক সংগঠনের নেতাদের অন্তর্ভুক্তি এবং পরবর্তী সময়ে ডকুমেন্টারিতে তাঁদের বক্তব্য প্রদর্শনের বিষয়টি নিয়েই এখন প্রশ্ন তুলছেন অনেকে।
ডকুমেন্টারি প্রদর্শন নিয়ে আলোচনা সভায় ক্ষোভ প্রকাশ করেন ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবদুল করিম। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নোয়াখালীতে সরাসরি অংশ নেওয়া শিক্ষকদের মধ্যে তিনি একজন। কিন্তু ডকুমেন্টারিতে তাঁর একটি ছবিও দেখানো হয়নি।
তিনি বলেন, ‘সকল মতের ঊর্ধ্বে উঠে ডকুমেন্টারি প্রদর্শন করতে না পারা আমাদের জন্য লজ্জার।’
এসিসিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ডকুমেন্টারিতে সংশ্লিষ্টদের নিজেদের এবং ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাদের বক্তব্য ও আন্দোলনের চিত্র তুলে ধরা হয়েছে। তাঁর অভিযোগ, জুলাই আন্দোলনকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্ষমতাসীন ব্যক্তিদের অবদান হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
ডকুমেন্টারির অসংগতির বিষয়ে কমিটির আহ্বায়ক ও নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দিন বলেন, তাঁকে ভিডিও ডকুমেন্টারি দেখানো হলেও কার কার অবদান তুলে ধরা হবে, তা কমিটির অন্য সদস্যরা ঠিক করেছেন। তিনি কিছুদিন আগে দায়িত্ব নেওয়ায় নোবিপ্রবিতে কারা আন্দোলনে বেশি ভূমিকা রেখেছেন, তা তাঁর জানা ছিল না।
তিনি বলেন, ভিডিওতে কিছু ছোটখাটো ভুল তিনি দেখেছিলেন এবং সেগুলো উপাচার্যের সঙ্গে আলোচনা করে ঠিক করতে বলেছিলেন।
তবে প্রশ্ন উঠেছে, ডকুমেন্টারি প্রদর্শনের আগে তাতে কারা স্থান পেলেন আর কারা বাদ পড়লেন—এমন গুরুত্বপূর্ণ বিষয় যাচাই না করেই কীভাবে সেটি অনুষ্ঠানে প্রদর্শনের অনুমতি পেল।
একপাক্ষিক ডকুমেন্টারি তৈরির অভিযোগের বিষয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, কয়েকজন তাঁকে বিষয়টি জানিয়েছেন। কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর অবদান ডকুমেন্টারিতে তুলে ধরা হয়নি বলেও তিনি শুনেছেন।
তিনি বলেন, ‘ডকুমেন্টারি কমিটিতে যারা ছিলেন, তাঁরা এ বিষয়ে ভালো জানবেন। তবে সামনে থেকে এসব বিষয়ে যাতে কোনো অসংগতি না থাকে, সেটা আমরা দেখব।’