নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগ ও ট্যুরিজম ক্লাবের যৌথ উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস (World Tourism Day) উদযাপন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। এ উপলক্ষে কেক কাটা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের টিএইচএম বিভাগের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএইচএম বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হুদা। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ব পর্যটন দিবসের এবারের আয়োজনের অংশ হিসেবে সাসটেইনেবল ট্যুরিজমের (টেকসই পর্যটন) লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীরা ক্যাম্পাস ক্লিনিং কর্মসূচিতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী টিএইচএম বিভাগের শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। ডিন ও বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশের পর্যটনসম্পদ সংরক্ষণ, পর্যটন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ট্যুরিজম গবেষণায় কাজে লাগানোর আহ্বান জানান।
পরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) প্রাঙ্গণে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ও ফটোগ্রাফি কনটেস্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবসের আয়োজন শেষ হয়।