নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের নান্দাইল, ঈশ্বরগঞ্জ উপজেলার চর রামমোহন মৌজার ঐশী এন্টারপ্রাইজের সরকারিভাবে বৈধ ইজারাকৃত বালু উত্তোলনের দুটি এক্সেভেটর (ভেকু) ভাঙচুরের অভিযোগ উঠেছে। মাদক সেবনের অর্থ না দেওয়ায় গত সোমবার সকাল ১১টার দিকে ত্রিশালের ইছামতি এলাকায় ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের বনপাড়া গ্রামের রানা মিয়া ও সুমন মিয়ার নেতৃত্বে খোকন,শাহাব উদ্দিন সহ ১০-১২ জন মিলে হামলা চালায়। এতে বালু উত্তোলনের দুটি এক্সেভেটর (ভেকু)ভাঙচুর করা হয়।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্র নদের ঈশ্বরগঞ্জ অংশের চর রাম-মোহন এলাকায় বালুর স্তূপের মধ্যে এক্সেভেটর (ভেকু) দুটি পড়ে আছে। এক্সেভেটরে থাকা ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা। এক্সেভেটরের কাচ ও দরজা ভাঙচুর করে ফেলে রাখা হয়েছে। এ সময় বৈধ বালু ঘাট সরেজমিনে ঘুরে দেখেন ইজারাদারসহ ডাকের অংশীদাররা।
এক্সেভেটর (ভেকু) চালক মো. নাঈম মিয়া বলেন, আমি ভেকু দিয়ে বালু উত্তোলন করে গাড়িতে দিচ্ছিলাম, এমন সময় দেশীয় অস্ত্র নিয়ে এসে ভেকুতে ভাঙচুর করে। আমি বাধা দিতে গেলে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এবং বালু কিভাবে বিক্রি করি সেটাও তারা দেখে নিবে সেটাও বলে গেছে।
স্থানীয় ইউপি সদস্য বলেন, আমাদের বৈধ বালু ঘাটে এভাবে হামলা করে ভাঙচুর করা খুবই ন্যক্কারজনক। যারা এমন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
স্থানীয় বাসিন্দা ডা. দেলোয়ার হোসেন জানান, দিনদুপুরে একজনের বৈধ ইজারাকৃত বালু ঘাটে এসে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা বেআইনি। মাদকের টাকার জন্য এতটা হিংস্র হওয়া কাম্য নয়।
এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে রানা মিয়াকে মুঠোফোনে পাওয়া যায়নি।
ঐশী এন্টারপ্রাইজের ইজারাদার মামুনুর রশিদ ওয়াসিম বলেন, এক্সেভেটর (ভেকু) ড্রাইভার ফোনে জানিয়েছে একদল সন্ত্রাসী এসে ভেকুতে হামলা করে ভাঙচুর করেছে। সরেজমিনে এসে এর সত্যতা পেয়েছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।