
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ সংক্রান্ত মামলা এবং দেশের সার্বিক পরিস্থিতির কারণে কয়েক বছর বন্ধ থাকার পর পুনরায় অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫”। ২০২২ সালের পর সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা চলছে।
চট্টগ্রাম মহানগরীর ১১টি কেন্দ্র এবং জেলার বিভিন্ন উপজেলার ৪০টি কেন্দ্রে মোট ৩১ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত পরীক্ষা চলবে।
আজ বুধবার (১৫ এপ্রিল- ২০২৬) পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পাঠান মোঃ সাইদুজ্জামান, সহকারী কমিশনার (শিক্ষা) আফরিন ফারজানা পিংকি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল হোসেন এবং কোতোয়ালি থানা শিক্ষা অফিসার খন্দকার সখিনা বেগম।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বর্তমান সরকারের শিক্ষা ও পরীক্ষাব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন এবং কেন্দ্রের সার্বিক পরিবেশ সন্তোষজনক হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা যাচাই ও স্বীকৃতি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উক্ত কেন্দ্রে মোট ৮৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৪ জন উপস্থিত ছিল। কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ থাকায় জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন।