
খুলনার পাইকগাছায় ২০২৫ সালের স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা কঠোর নিরাপত্তা ও প্রশাসনের নিবিড় তদারকির মধ্য দিয়ে শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা হয়।
পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রগুলো পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি সরেজমিনে পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে ইউএনও জানান, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে কেন্দ্রগুলোর আশপাশে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা সমন্বিতভাবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর মোট ১ হাজার ১৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় ৭৭৯ জন এবং অনুপস্থিত ছিল ৩৭১ জন।
উপজেলার নির্ধারিত দুটি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথম দিন কোনো ধরনের অনিয়ম ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।