
দীর্ঘ ২২ বছর পর নরসিংদীর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) পদবঞ্চিত নেতাকর্মীরা বেলাবো বাজারের কলেজ রোড এলাকায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এর আগে ৬ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত প্যাডে আশিক সুজন মামুনকে বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি এবং মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
কমিটি ঘোষণার পরপরই সভাপতি পদ নিয়ে বিরোধ শুরু হয়। পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন, নবগঠিত কমিটির সভাপতি আশিক সুজন মামুন বিবাহিত। এ অভিযোগ তুলে তারা কমিটি বাতিলের দাবি জানান।
খবর পেয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানউল্লাহর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নবগঠিত কমিটির সভাপতি আশিক সুজন মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এবং অতীতে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তার দাবি, তাকে বিতর্কিত করতে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ভুয়া ছবি ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনার নিন্দা জানিয়ে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর কমিটি গঠন হওয়ায় অভ্যন্তরীণ মতবিরোধ সামনে এসেছে। বিষয়টি দ্রুত সমাধান না হলে আবারও উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।